ঝিনাইদহে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও সমাবেশ
নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করছে বিএনপি সরকার- আখতার হোসেন
সালাম হোসেন, ঝিনাইদহ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করে বলেছেন, বিএনপি সরকার ছাত্র-জনতার বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধ্বংস করছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় পদধারী নেতাদের নিয়োগ দিয়ে সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের পথে নিয়ে যাচ্ছে বলেও তিনি দাবি করেন। রোববার (২৬ জুলাই) বিকেলে ঝিনাইদহ জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা শেষে শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।আখতার হোসেন বলেন, সম্প্রতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ১২টি প্রতিষ্ঠানে বিএনপির দলীয় পদধারী নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ। কিন্তু বর্তমান সরকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে নিজেদের দলীয় লোকজনকে নিয়োগ দিয়ে সেই আকাঙ্ক্ষাকে ধ্বংস করছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে বিএনপির এক পদধারী নেতাকে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়ার মাধ্যমে সরকার কমিশনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তিনি এ নিয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবি জানান। বিএনপির উদ্দেশে আখতার হোসেন বলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। জনগণ কোনো ধরনের বৈষম্য মেনে নেবে না। তিনি বলেন, দেশের মানুষ ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে, তাই এমন কোনো কর্মকাণ্ড করা উচিত হবে না, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু। এছাড়া উপস্থিত ছিলেন জুলাই শহিদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের বাবা আবু বকর সিদ্দিক, মা হাফিজা খাতুন, শহিদ সাব্বির হোসেনের বাবা আমোদ আলীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা। বিশেষ অতিথির বক্তব্যে সরোয়ার তুষার শেখ হাসিনার কড়া সমালোচনা করে বলেন, জুলাই-আগস্টের গণহত্যার দায়ে তার বিচার হওয়া উচিত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বিএনপি ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করেনি এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু বলেন, দেশে খুন, ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে, অথচ সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন না করে বিএনপি চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে। এর আগে দুপুর ২টায় ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘জুলাই পদযাত্রা ও শহিদদের স্মরণে’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শহীদ মিনার থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই শহিদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম ও শহিদ সাব্বির হোসেনের কবর জিয়ারত করেন এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।