খোকসায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি। কুষ্টিয়ার খোকসায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে খোকসা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খোকসা উপজেলার ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১২২ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের প্রত্যেককে এক হাজার টাকা করে সম্মাননা দেওয়ার পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি করে ফুটবল উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক এবং খোকসা পৌর মেয়র পদপ্রার্থী মো. রিপন হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের লেখাপড়ার প্রতি আগ্রহ আরও বাড়ানো সম্ভব। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ সৃষ্টি হলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশও ত্বরান্বিত হবে।
প্রধান অতিথি মো. রিপন হোসেন বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় সামান্য উৎসাহও বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। তিনি শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সম্মাননা ও ফুটবল উপহার দেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা।