বাগেরহাটের রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক|| বাগেরহাটের রামপালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহিনুর রহমান এবং উপজেলা আইসিটি অফিসার রনিক হালদার উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে রামপাল উপজেলা বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ইয়ামিন, প্রেসক্লাব রামপাল এর আহবায়ক মোতাহার হোসেন মল্লিকসহ রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
উদ্বোধনী ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী দেশের সামগ্রিক ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন এবং সবাইকে নিজ নিজ আঙ্গি না ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর ও সংলগ্ন আশপাশের এলাকায় একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানের অংশ হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও প্রশাসনিক সীমানায় মশাবিনাশী ওষুধ ছিটানো এবং সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।#