গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: মো:শুভ আহমেদ
মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আরিশা খাতুন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরিশা খাতুন উপজেলার তেঁতুলবাড়ীয়া করমদী গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলা করছিল আরিশা। একপর্যায়ে খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়।পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান নয়ন জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যত নিশ্চিত করে তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওহাব আলী বলেন, বাড়ির পাশে খেলা খেলতে গিয়ে অসাবধানতা বশত পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়েছে।আমাদের প্রত্যেকটি পরিবারকে সচেতন থাকা দরকার।বাড়ির আশপাশে পুকুরগুলোতে এখন পানি রয়েছে।ছোট শিশুদের সবসময় নজরে রাখতে হবে।তা না হলে যে কোন সময় আবারও দুর্ঘটনা ঘটতে পারে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে।আশপাশের পুকুর ও জলাশয় এখন পানি রয়েছে।তাই অবিভাবকদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।