শহরের মিলপাড়ার মোহিনী মিল মাঠে আলো ঝলমলে রাতে ফুটবলের উন্মাদনা
মাদক-মোবাইল আসক্তি থেকে তরুণদের মাঠমুখী করতে ১৬ দলের নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন।
কুষ্টিয়া প্রতিনিধি:
মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে মাঠমুখী করার প্রত্যয় নিয়ে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মোহিনী মিল মাঠে শুরু হয়েছে ব্যতিক্রমী নাইট ফুটবল টুর্নামেন্ট। সোমবার সন্ধ্যায় বর্ণিল সাজসজ্জা ও আলোকসজ্জায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজন ঘিরে মাঠে জড়ো হন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের মিলপাড়া এলাকার মোহিনী মিল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় আসিফ স্মৃতি একাদশ ও শেরে বাংলা একাদশ। উদ্বোধনের আগে অতিথিদের আসন গ্রহণ করানো হয় এবং আয়োজক কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে তাঁদের বরণ করে নেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।
নাইট ফুটবলকে কেন্দ্র করে মোহিনী মিল মাঠের চারপাশে করা হয়েছে আলোকসজ্জা ও নানা ধরনের সাজসজ্জা। সন্ধ্যার পর আলো ঝলমলে মাঠে খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা ঘিরে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আক্তারুজ্জামান কাজল মাজমাদার বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিলপাড়ায় এ ধরনের নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজন সত্যিই ব্যতিক্রমী উদ্যোগ।
তিনি বলেন, খেলোয়াড়দের অংশগ্রহণ এবং দর্শকদের উপস্থিতি এই আয়োজনকে আরও প্রাণবন্ত করেছে। প্রতিটি এলাকায় যদি নিয়মিত এমন খেলার আয়োজন করা যায়, তাহলে যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখা সম্ভব। খেলাধুলাসহ সব ভালো কাজের সঙ্গে আমরা সবসময় থাকতে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক আবু মনি জুবায়ের রিপন বলেন, মাদক ও ইন্টারনেট আসক্তির এই সময়ে খেলাধুলার আয়োজন অনেকটাই কমে যাচ্ছে। এর মধ্যে মিলপাড়ায় এমন সুন্দর একটি আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।
তিনি বলেন, এই এলাকায় মাদকের বিস্তার রয়েছে। এর মধ্যে তরুণদের মাঠে ফিরিয়ে আনতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এত সুন্দর একটি নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল এবং ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শওকত ওসমান মিষ্টি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু তালেব।
আয়োজকেরা জানান, ১৬টি দল নিয়ে নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় বিভিন্ন দল এতে অংশ নিয়েছে। প্রতিদিন রাতে মাঠে খেলা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকেরা আরও জানান, যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে পুরো টুর্নামেন্ট উৎসবমুখর হয়ে উঠবে এবং মিলপাড়া এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।