দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড়ের একটি মাটির কাঁচা রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় পুরোনো একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত পদ্মার ঘাট এলাকায় বন্দুকটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভাগজোত এলাকার পদ্মা নদীর পাড়ে কাঁচা রাস্তার ওপর বন্দুকটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। কে বা কারা সেখানে বন্দুকটি ফেলে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্দুকটি উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শুক্রবার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে পুলিশের সাঁড়াশি অভিযানের পর ভয়ে কেউ বন্দুকটি ফেলে রেখে যেতে পারে বলে ধারনা পুলিশের।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাগজোত পদ্মার ঘাট এলাকা থেকে একটি পুরোনো একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।