নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তাঁর পরিবার। সিসিটিভি ফুটেজে চারটি পেট্রোলবোমা নিক্ষেপের দৃশ্য দেখা গেছে বলে দাবি করেছেন তাঁর আপন ছোট ভাই আবির ইশতিয়াক।
বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম নিজেই এ ঘটনার কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রলবোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’
তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।
এ বিষয়ে নুসরাত তাবাসসুমের ছোট ভাই আবির ইস্তিয়াক সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, প্রথমে ঘটনাটি অগ্নিকাণ্ড বলে মনে হলেও সিসিটিভি ফুটেজে চারটি পেট্রোলবোমা নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। তবে ফুটেজে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যাবে
ঘটনাটি রাজনৈতিকভাবে কণ্ঠরোধের চেষ্টা কি না এমন প্রশ্নে আবির ইস্তিয়াক বলেন হ্যাঁ এটা মনে হয়।
জানা যায়,কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক ও স্থায়ী বাসস্থান লক্ষ্য করে রাত ১২টার পর হামলার ঘটনাটি ঘটে। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বোমা টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং আরেকটি বাড়ির উঠানে এসে পড়ে।’হামলায় বাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সময় বাড়িতে নুসরাত তাবাসসুমের বাবা-মা, চাচাতো ভাই-বোন এবং দুই ভাবিসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের গায়েও আঘাত লেগেছে এবং তাঁরা কম বেশি সবাই আহত হয়েছেন। এছাড়া শেডে আগুন ধরে কয়েকটি গবাদিপশু দগ্ধ হয়ে মারা গেছে।ওই বাড়িতে পেট্রল বোমা চালানো হয়েছে কি না সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।
অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেছেন, কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে ভেড়ামারা ফায়ার সার্ভিসে কর্মীরা রয়েছেন। ঘটনাটি তদন্ত করে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)মো: খালেদুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি এ ঘটনার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কারা জড়িত, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।