৫৫০ টাকার সিমেন্ট ১১৮০, ১১ টাকার ইট ২৭—কেনাকাটায় হরিলুট চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে
এক ব্যাগ সিমেন্টের দাম দেখানো হয়েছে ১ হাজার ১৮০ টাকা। একটি সাধারণ সুইচের দাম ৭২ টাকা। একটি ইটের দাম ২৭ টাকা। এছাড়া এক লিটার মবিলের দাম দেখানো হয়েছে ১ হাজার টাকা। চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিভিন্ন প্রশিক্ষণ উপকরণ কেনার বিল-ভাউচারে দেখা গেছে এমন অস্বাভাবিক দর।
বাজারদরের সঙ্গে প্রতিষ্ঠানটির দেখানো দরে বিস্তর ফারাক রয়েছে। এছাড়া তিন মাস পরপর একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে একই ধরনের সরঞ্জাম কেনার তথ্যও পাওয়া গেছে। সময়ের দিগন্তের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব কেনাকাটাসহ টিটিসির নানা অসংগতির চিত্র।
টিটিসিতে হাতে-কলমে প্রশিক্ষণের জন্য প্রয়োজন হয় নির্মাণসামগ্রী, বৈদ্যুতিক সরঞ্জাম, দর্জির উপকরণসহ ড্রাইভিংয়ের জ্বালানি, মবিল ও বিভিন্ন যন্ত্রাংশ। তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ছয়টি ট্রেডে প্রতি ব্যাচে তিন মাসের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি নতুন ব্যাচের জন্য তিন মাস পরপর প্রশিক্ষণ উপকরণ কেনা হয়। কিন্তু এসব উপকরণ কেনাকাটার হিসাবেই দেখা গেছে নানা অসংগতি।
কাছে আসা বিল-ভাউচার পর্যালোচনা করে দেখা যায়, সিমেন্ট, ইট, সুইচ, ঝুট, মবিল থেকে শুরু করে ছোটখাটো সরঞ্জাম কেনাকাটাতেও বাজারদরের সঙ্গে বড় ধরনের ব্যবধান রয়েছে। সেখানে একটি কলমের দাম ১৫ টাকা, শার্পনার ১৫ টাকা এবং এ-ফোর সাইজের কাগজের এক রিমের দাম দেখানো হয়েছে ৯১০ টাকা। এমনকি প্রতিটি মাস্কের দামও ১৫ টাকা করে দেখানো হয়েছে বিল-ভাউচারে। প্রতিটি ডিজিটাল মাল্টিমিটার কেনায় দাম ধরা হয়েছে ৩ হাজার ২৫০ টাকা। নিরাপত্তা চশমা (গগলস) ২৬০ টাকা এবং ওয়ানটাইম হ্যান্ড গ্লাভসের দাম দেখানো হয়েছে ৮৫ টাকা জোড়া।
২০২৪ সালের ৪ নভেম্বরের কেনাকাটার কাগজপত্রে সবচেয়ে বেশি অসংগতি দেখা গেছে। ওই দিনের বিল-ভাউচারে ‘জোনাকী কনস্ট্রাকশন’ ও ‘স্থপতি নির্মাতা ট্রেডার্স’ নামে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় একই ধরনের প্রশিক্ষণ উপকরণ কেনার তথ্য রয়েছে। আবার ‘মেসার্স এ নেওয়াজ ট্রেডার্স’ নামে আরেক প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে বিভিন্ন অফিসসামগ্রী।
প্রতিটি প্রতিষ্ঠানের নামে ৩৫ ধরনের মালামাল সরবরাহ দেখিয়ে ৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা করে বিল করা হয়েছে। অর্থাৎ একই দিনে তিন প্রতিষ্ঠানের নামে মোট ১৩ লাখ ১২ হাজার ৫০০ টাকার কেনাকাটার হিসাব দেখানো হয়েছে। একই দিনে একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় একই ধরনের পণ্য কেনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এসব কেনাকাটার পণ্যের বাজারদর সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, যে প্রতিষ্ঠান থেকে ইট কেনার কথা বলা হয়েছে, সেই হিমালয় অটো ব্রিক্সে ২০২৪ সালে গাড়িপ্রতি ইটের দাম ছিল ২২ হাজার টাকা। সে হিসাবে প্রতি পিস ইটের দাম পড়ে প্রায় ১১ টাকা। অথচ টিটিসির বিল-ভাউচারে প্রতিটি ইটের দাম দেখানো হয়েছে ২৭ টাকা।
চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী পলাশ কুমার সাহা বলেন, ২০২৪ সালের দিকে সিমেন্টের বস্তার দাম ছিল ৪৮০ থেকে ৫৩০ টাকা। বর্তমানে বাজারদর ৫৫০ টাকা। কখনোই সিমেন্টের দাম এক হাজার টাকা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক মবিল ব্যবসায়ী জানান, ২০২৪ সালের দিকে এক লিটার মবিলের দাম ছিল ৬৩০ টাকা। বর্তমানে লিটারে ৬০ টাকা বেড়ে হয়েছে ৬৯০ টাকা। অথচ টিটিসির কেনাকাটার হিসাবে এক লিটার মবিলের দাম দেখানো হয়েছে এক হাজার টাকা।
বাজার ঘুরে বৈদ্যুতিক সুইচের ক্ষেত্রেও একই ধরনের তথ্য পাওয়া গেছে। স্থানীয় বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রেতাদের মতে, ভালো মানের একটি ওয়ান-ওয়ে সুইচের দাম প্রায় ৩৫ টাকা। অথচ টিটিসির বিল-ভাউচারে একটি সাধারণ সুইচের দাম দেখানো হয়েছে ৭২ টাকা।
কাগজপত্রে তিন মাস পরপর ইট কেনার তথ্য থাকলেও টিটিসি ঘুরে নতুন ইটের দেখা মেলেনি। চুয়াডাঙ্গা টিটিসির এক প্রশিক্ষণার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘একটি ইটের দাম ২৭ টাকা হয়, এটা আমার জানা ছিল না। প্রতি তিন মাস পর নতুন করে ইট কেনার কথা বলা হলেও কাজ চালানো হয় আগের ইট দিয়ে। সিমেন্টের দামও কখনো এত হয়নি বলে জানি।’
আরেক প্রশিক্ষণার্থী আহসান ইসলাম হাবিব বলেন, ‘ড্রাইভিংয়ের প্রতিটি কোর্সের জন্য ২৫ লিটার পেট্রল ও ৩০ লিটার ডিজেল দেওয়া হয় বলে জানি। কিন্তু যেভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়, তাতে এই তেল সবটা কাজে লাগে কি না, সন্দেহ আছে। প্রশিক্ষণার্থীদের শেখানোর জন্য যতদূর গাড়ি চালানোর প্রয়োজন, সেটা চালাতে দেওয়া হয় না।’
এদিকে যেসব প্রতিষ্ঠানের কাছ থেকে এসব পণ্য কেনার কথা বলা হয়েছে, তাদের প্রতিনিধিদের কাছেও জানতে চাওয়া হয় কেনাকাটার হিসাবে অস্বাভাবিক দরের বিষয়ে। তবে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি; বরং নিজেদের প্রতিষ্ঠানের নামে থাকা বিল-ভাউচার দেখে বিস্ময় প্রকাশ করেন দুই ঠিকাদার।
‘স্থপতি নির্মাতা ট্রেডার্সের’ ঠিকাদার ওয়ালিউর রশিদ বলেন, ‘এসব সরঞ্জাম আমি কিনিনি, কে কিনেছে আমি জানি না। তবে কাগজপত্রে যেসব দর দেখছি, তা আমি ধরিনি। কে ধরেছে, জানা নেই।’
‘এ নেওয়াজ ট্রেডার্সের’ ঠিকাদার আলী আসলাম জোয়ার্দ্দার বলেন, ‘আমি কী কী কিনেছিলাম, আমার কিছু মনে নেই। মাঝে আমার স্ট্রোক করার পর আমি সব ভুলে গেছি। তাই এই কেনাকাটা সম্পর্কে কিছু জানি না।’
নিয়ম অনুযায়ী, কেনা মালামাল বুঝে নেওয়া এবং সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের। এ বিষয়ে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান বলেন, সরকারি কেনাকাটায় পণ্যের মূল দামের সঙ্গে পরিবহন, ভ্যাট, ঠিকাদারের লাভসহ বিভিন্ন খরচ যুক্ত হয়। এসব খরচ যুক্ত হওয়ার কারণে বাজারদরের সঙ্গে কেনাকাটার দামের পার্থক্য তৈরি হয়। তিনি দাবি করেন, কেনাকাটার আগে বাজারদর যাচাই করা হয়েছিল এবং সর্বনিম্ন দরদাতাদের কাছ থেকেই মালামাল কেনা হয়েছে। কেনাকাটায় কোনো অনিয়ম হয়নি বলেও দাবি করেন তিনি।
বিল-ভাউচারে দেখানো পণ্যের দাম, স্থানীয় বাজারদর এবং সরবরাহকারীদের বক্তব্যের মধ্যে পাওয়া অসংগতির কারণে চুয়াডাঙ্গা টিটিসির কেনাকাটার পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এসব কেনাকাটায় প্রকৃতপক্ষে কী পরিমাণ মালামাল সরবরাহ করা হয়েছে, সেগুলো যথাযথভাবে বুঝে নেওয়া হয়েছে কি না এবং সরকারি অর্থের ব্যয়ের হিসাব কতটা স্বচ্ছ তা খতিয়ে দেখার দাবি উঠেছে।