খুলনা রেঞ্জে এপ্রিল ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে বুধবার (৮ এপ্রিল)এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম।
সভায় খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারদের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন। তিনি অপরাধ প্রতিরোধে আগাম ব্যবস্থা গ্রহণ এবং আইনানুগ পদক্ষেপ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ করে কিশোর গ্যাং দমন, মানব পাচার প্রতিরোধ, মামলা তদন্তের মানোন্নয়ন, তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দেন তিনি।
এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) শেখ জয়নুদ্দীন, পিপিএম, কমান্ড্যান্ট (আরআরএফ) মোঃ হাতেম আলী, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ) শুক্লা সাহা, পিপিএম এবং অতিরিক্ত ডিআইজি (হাইওয়ে পুলিশ) মোহাম্মদ জাকারিয়া।
এছাড়াও খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।