তিরোধান দিবসের উৎসব ঘিরে তৎপর প্রশাসন, মাদকমুক্ত আয়োজনের দাবি ভক্ত-সাধুদের
কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। আগামী শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া এ আয়োজনকে মাদকমুক্ত রাখতে অভিযান চালিয়ে আখড়াবাড়ির মেলার মাঠ থেকে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকে জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়। জব্দ করা কলকেগুলোর আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা এসব কলকে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন কুষ্টিয়া কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।
পুলিশ জানায়, গত ১১ অক্টোবর থেকে লালন আখড়াবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় প্রায় ২০০ পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করা হয়। উৎসবকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
ছেঁউড়িয়া এলাকার ব্যবসায়ী সেলিম জানান, সারাদেশের মানুষ মনে করেন লালন মেলা মানেই মাদকের আড্ডা। প্রতিবছর আলোচনা মঞ্চের আশপাশে রাতভর মাদক সেবন ও কেনাবেচার ঘটনা দেখা যায়। এটা খুবই লজ্জাজনক। এবার মেলায় যেন মাদক না থাকে।
চুয়াডাঙ্গা থেকে প্রায় ৩০ বছর ধরে লালন আখড়াবাড়িতে আসেন শান্ত ফকির। তিনি বলেন, ‘গাঁজার সঙ্গে ফকির লালনের কোনো সম্পর্ক নেই। প্রকৃত সাধুভক্তরা মাদক সেবনের সঙ্গে যুক্ত নন। আমরাও চাই, মাদকমুক্ত পরিবেশে অনুষ্ঠান হোক।
এ বিষয়ে কুষ্টিয়া কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এবার লালন উৎসব মাদকমুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান চলছে। বৃহস্পতিবার দুপুরে প্রায় দুই হাজার পিস গাঁজা সেবনের কলকে জব্দ করা হয়েছে। মাদক প্রতিরোধে প্রতিদিনই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে বলেন, এবার মাদকমুক্ত লালন উৎসব করতে পুলিশ ও প্রশাসন একসঙ্গে কাজ করছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি।