জনকল্যাণ ও উন্নয়নের প্রত্যয়ে ৬ নং চাঁপড়া ইউনিয়নকে এগিয়ে নিতে চান মোঃ শাহিদুর রহমান মিন্টু
সুমন শেখ, জেলা প্রতিনিধি, কুষ্টিয়া।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৬ নং চাঁপড়া ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, জনবান্ধব ও উন্নয়নমু খী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহিদুর রহমান মিন্টু। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।
মোঃ শাহিদুর রহমান মিন্টু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া জেলা ইউনিটের আজীবন সদস্য এবং লালন একাডেমির আজীবন সদস্য। বিভিন্ন সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার মাধ্যমে তিনি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেয়েছেন। তার প্রত্যাশা, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে চাঁপড়া ইউনিয়নের উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার মূল লক্ষ্য—ইউনিয়নের সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট ও অবকাঠামোর মানোন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করা। পাশাপাশি ইউনিয়নের তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে চান তিনি। চাঁপড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন মোঃ শাহিদুর রহমান মিন্টু। তার মতে, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন উন্নয়নের সুফল প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। এ জন্য তিনি স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, ইউনিয়ন পরিষদ শুধু প্রশাসনিক কার্যক্রম পরিচালনার প্রতিষ্ঠান নয়; এটি সাধারণ মানুষের সবচেয়ে কাছের স্থানীয় সরকার প্রতিষ্ঠান। তাই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সব নাগরিকের জন্য সমানভাবে কাজ করার লক্ষ্য থাকবে তার। বিশেষ করে অসহায়, দরিদ্র, বয়স্ক, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি সহজ করার বিষয়ে গুরুত্ব দিতে চান তিনি। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, যোগ্য, সৎ, জনসম্পৃক্ত ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে ৬ নং চাঁপড়া ইউনিয়নে পরিকল্পিত উন্নয়ন আরও এগিয়ে যাবে। সেই প্রত্যাশাকে সামনে রেখে মোঃ শাহিদুর রহমান মিন্টু জনগণের আস্থা ও সমর্থন নিয়ে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।