দৌলতপুরে স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ দৌলতপুরে স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও উপজেলা ছাত্রদল।
রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দৌলতপুর উপজেলা পরিষদ বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে থানা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আহমেদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল। এতে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা তারেক রহমানসহ দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে দেওয়া আপত্তিকর বক্তব্যের নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে এ ধরনের বক্তব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য রাজনৈতিক সৌজন্য, সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। তারা ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল বলেন, “আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আমরা এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছি। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছি।”