দৌলতপুর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমনকে (৬০) নাশকতার একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর ১টার দিকে দৌলতপুর থানা-পুলিশ তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারি মাসে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজারে নাশকতার অভিযোগে একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার শরিফ উদ্দিন রিমন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মৃত সুজা উদ্দিনের ছেলে। তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।