ইবি এলাকা থেকে ডিবি পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে ভ্যান ছিনতাই, সনাক্ত ১
তিতাস আহম্মেদ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন হরিনারায়ণপুর ইউনিয়নের কিত্তিনগর গ্রামের মসজিদ সংলগ্ন এলাকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে অস্ত্র ঠেকিয়ে একটি ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী
পূর্বআব্দালপুর গ্রামের রবিউল ইসলাম।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর বিকেল ৩:৩০ মিনিটের দিকে মধুপুর বাসস্ট্যান্ড থেকে এক ব্যক্তি যাত্রীবেশে রবিউলের ভ্যানে ওঠেন। তিনি মধুপুর স্কুলের নিকটবর্তী মসজিদে যাওয়ার কথা বলে ভ্যানটি সেদিকে নিয়ে যান। গন্তব্যে পৌঁছানোর পর ওই যাত্রী জানান যে তার চালক পথিমধ্যে একটি দুর্ঘটনা ঘটিয়েছে এবং একটি শিশু মারা গেছে হসপিটালে। এরপর রবিউলকে মেইন রাস্তার দিকে গিয়ে ওই চালককে ডেকে আনতেবলেন । ভুক্তভোগী রবিউল ডাকতে যেতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারী তার কোমরে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আই/সি) রিপন মৃধা জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী রবিউলের সঙ্গে কথা বলা হয়েছে এবং পুলিশের কাছে থাকা পূর্বের ছিনতাইকারীদের ছবি থেকে তিনি নিজেই অপরাধীদের একজনকে শনাক্ত করেছেন।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনূর রশীদ বলেন, ভ্যান চুরির ও ছিনতাইয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পূর্বের ভ্যান ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। তবে ভুক্তভোগী রবিউলের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, যদিও বিষয়টি সম্পর্কে আমরা পুরোপুরি অবগত আছি।
তিনি আরও বলেন, গত কয়েক দিন ধরে ইবি থানার প্রতিটি ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের ছবি সংগ্রহ করা হয়েছে। খুব দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।