দৌলতপুরে পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাঘাইড়, বিক্রি অর্ধলক্ষ টাকায়
দৌলতপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। পরে মাছটি ৫২ হাজার টাকায় কিনে নেন সাদ্দাম নামের স্থানীয় এক ক্রেতা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছ ব্যবসায়ী বাচ্চু জেলেদের কাছ থেকে ৪৫ হাজার টাকায় মাছটি কিনে মরিচার পদ্মা নদীর পাইকারি মাছের বাজারে তোলেন। সেখান থেকে সাদ্দাম নামের এক ক্রেতা ৫২ হাজার টাকায় মাছটি কিনে নেন।
স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, পদ্মা নদীতে এত বড় আকৃতির মাছ জেলেদের জালে ধরা পড়ার ঘটনা খুব একটা দেখা যায় না। এ ধরনের বড় মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।
মাছ ব্যবসায়ী বাচ্চু বলেন, জেলেদের কাছ থেকে ৪৫ হাজার টাকায় মাছটি কিনে বাজারে তোলেন তিনি। পরে ৫২ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
স্থানীয়দের ভাষ্য, দৌলতপুরের পদ্মা নদীতে এত বড় আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়ার ঘটনা তুলনামূলক বিরল। মাছটি দেখতে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে।