সাত পেরিয়ে আটে প্র’য়া’ত সাংবাদিক দেবাশীষ ক’ন্যা মহিমা, শু’ধু নে’ই বাবা-মা
কুষ্টিয়া প্রতিনিধি:
জন্মদিন এসেছে। ঘরোয়া পরিবেশে সাজানো হয়েছে ছোট্ট আয়োজন। সামনে রাখা হয়েছে জন্মদিনের কেক। পরিবারের সদস্যরা ঘিরে দাঁড়িয়েছেন তাকে। কেক কেটে সবাই হয়তো চেষ্টা করেছেন ছোট্ট মহিমার মুখে হাসি ফোটাতে। কিন্তু এই আনন্দের মুহূর্তেও যে মানুষ দুটির সবচেয়ে বেশি পাশে থাকার কথা, তাঁরা আজ আর নেই। নেই বাবা, নেই মা। নেই ছোট্ট ভাইটিও। তবুও বাবার ফিরে আসার অপেক্ষা যেন এখনো ফুরায়নি সাত পেরিয়ে আট বছরে পা রাখা মহিমা দত্তের।
আজ মহিমার জন্মদিন। সাত বছর পেরিয়ে অষ্টম বছরে পদার্পণ করেছে সে। অথচ এই বয়সেই জীবনের সবচেয়ে বড় শূন্যতার সঙ্গে পরিচিত হতে হয়েছে তাকে। যে বয়সে বাবার কাঁধে চড়ে ঘুরে বেড়ানোর কথা, মায়ের হাত ধরে জন্মদিনের কেক কাটার কথা, সেই বয়সেই তাকে কাটাতে হচ্ছে বাবা-মায়ের স্নেহহীন এক শৈশব।
গত ১৯ আগস্ট ভোরে ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের সদস্যরা। নিহতদের মধ্যে ছিলেন দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন , তাঁদের তিন বছর বয়সী ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলী । এক ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তেই তছনছ করে দেয় একটি পরিবার। রেখে যায় ছোট্ট মহিমাকে, যার কাছে বাবা-মায়ের অনুপস্থিতি এখনো এক অপূর্ণ বাস্তবতা।
কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার ভাড়া বাসায় পরিবারের সদস্যরা ঘরোয়া পরিবেশে কেক কেটে মহিমার জন্মদিন উদযাপন করেছেন। বাইরে থেকে দেখলে এটি আর দশটি শিশুর জন্মদিনের মতোই মনে হতে পারে। কিন্তু এই আয়োজনের আড়ালে জমে আছে বুকভরা কান্না আর না-পাওয়ার এক দীর্ঘ গল্প।
মহিমার দাদা ও নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের বাবা দিলীপ দত্ত জানান, পরিবারের সদস্যরা ঘরোয়া পরিবেশে মহিমার জন্মদিন পালন করেছেন। কিন্তু বাবা-মাকে হারানোর শোক এখনো শিশুটিকে তাড়া করে বেড়ায়। পরিবারের হারিয়ে যাওয়া সদস্যদের কথা মনে পড়লেই সে অঝোরে কাঁদে।
সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, মহিমা এখনো তার বাবাকে খুঁজে বেড়ায়। আমার মোবাইল ফোন হাতে নিয়ে বাবার ব্যবহৃত পুরোনো নম্বরগুলোতে ফোন করে। কখনো পাঠায় মেসেজ। শিশুমনে হয়তো এখনো বেঁচে আছে একটুখানি আশা—হয়তো কোনো একদিন ওপাশ থেকে ফোনটি কেউ ধরবেন। হয়তো পরিচিত সেই কণ্ঠে কেউ বলবেন, ‘মহিমা, কেমন আছো?’
কিন্তু সেই ফোনের ওপাশে আর বাবার কণ্ঠস্বর ফিরে আসে না। আসে না মায়ের স্নেহমাখা কোনো উত্তরও। তবুও সে ফোন করে। বারবার। হয়তো সে এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি, যাঁদের খুঁজছে তাঁরা আর কখনো ফোন ধরবেন না। তার কাছে বাবা-মা যেন হারিয়ে যাওয়া মানুষ, যাঁদের একদিন ফিরে আসার কথা।
একজন বাবা হিসেবে নয়, একজন দাদা হিসেবে দিলীপ দত্তের সামনে এখন এক কঠিন বাস্তবতা। নিজের সন্তানকে হারানোর শোক বুকে নিয়েই তাঁকে আগলে রাখতে হচ্ছে সেই সন্তানের রেখে যাওয়া ছোট্ট মেয়েকে। যে মেয়েটির চোখে আজও বাবা-মাকে ফিরে পাওয়ার আকুতি।
জন্মদিনে মহিমার সামনে কেক ছিল, পাশে ছিল পরিবারের সদস্যরা। কিন্তু ছিল না বাবার আদর, মায়ের স্নেহ কিংবা ছোট্ট ভাইটির উপস্থিতি। কেকের মোমবাতি নিভেছে, জন্মদিনের আয়োজনও হয়তো শেষ হয়েছে। কিন্তু যে শূন্যতা নিয়ে মহিমার জীবন শুরু হয়েছে, তা পূরণ করার সাধ্য কারও নেই।
সাত পেরিয়ে আটে পা রাখা মহিমার কাছে জন্মদিনটি তাই শুধু আরেকটি বছর বেড়ে ওঠার দিন নয়; এটি তার হারিয়ে যাওয়া মানুষগুলোর স্মৃতি, অপেক্ষা আর না বলা কষ্টের দিন।