ভেড়ামারায় ভাই ভাই অটোসের মালিকের বিরুদ্ধে:চুরির অপবাদে দুই ভাইকে আটকে অমানবিক নির্যাতন, হাসপাতালে ভর্তি:জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ
কুষ্টিয়ার ভেড়ামারায় অটোরিকশার যন্ত্রাংশ চুরির অপবাদ দিয়ে দুই ভাইকে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে অমানবিক অভিযোগ উঠেছে একটি অটোর শোরুমের মালিক ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এ সময় জোর করে চুরির কথা স্বীকার করানোর পাশাপাশি তাঁদের ইজিবাইক ও মোটরসাইকেল আটকে রেখে ৩ লাখ ৭০ হাজার টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তাঁদের পরিবার। আহত দুই ভাই বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া চার রাস্তার মোড়ে অবস্থিত ভাই ভাই অটোস নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাড়ারা এলাকার আনিসুর রহমানের ছেলে আজিম (১৪) ও আবির (২২)। পরিবার ও ভুক্তভোগীদের অভিযোগ, আজিম প্রায় দুই মাস ধরে ওই প্রতিষ্ঠানে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে শোরুমে গেলে মালিক মাজেদ, আশিক, আজাদ ও শিমুলসহ কয়েকজন তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে মারধর শুরু করেন। পরে ভেড়ামারার হিসনা সেতুর ওপর ইজিবাইক চালানোর সময় আজিমের বড় ভাই আবিরকে শোরুমে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁকেও মারধর করে চুরির কথা স্বীকার করতে চাপ দেওয়া হয়। আবির জানান, ছোট ভাই অসুস্থ হয়ে পড়ে গেছে এমন কথা বলে তাঁকে ফোন করে ডেকে নেওয়া হয়। শোরুমে পৌঁছানোর পর কোনো কিছু জিজ্ঞাসা না করেই তাঁকে মারধর শুরু করা হয়। তাঁর দাবি, ছোট ভাইকে চুরির কথা স্বীকার করতে চাপ দেওয়া হচ্ছিল। তাঁকেও টাকা নেওয়ার কথা স্বীকার করতে বলা হয়। একপর্যায়ে চাপের মুখে দেড় লাখ টাকা নেওয়ার কথা বলতে বাধ্য হন তিনি। এরপর তাঁকে আটকে রাখা হয়। আজিমের অভিযোগ, তাঁকেও ধরে নিয়ে মারধর করা হয় এবং চুরির কথা স্বীকার করতে চাপ দেওয়া হয়। তবে তিনি কোনো টাকা নেননি বলে দাবি করেছেন। দুই ভাইয়ের বাবা আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁকে ফোন করে ছেলেরা অসুস্থ বলে শোরুমে যেতে বলা হয়। সেখানে গিয়ে তিনি ছেলেদের আহত অবস্থায় দেখতে পান। তাঁর অভিযোগ, তিনি পৌঁছানোর পরও তাঁদের মারধর করা হয়। এ সময় তাঁর ও আবিরের চালিত দুটি ইজিবাইক আটকে রাখা হয়। তাঁকে কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি এবং তাঁর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। আনিসুর রহমান আরও অভিযোগ করেন, মাজেদের লোকজন তাঁদের বাড়ি থেকে একটি হিরো মোটরসাইকেল নিয়ে যায়। পরে দুই ভাইকে ছাড়িয়ে নিতে দুটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জামানত রাখার কথা উল্লেখ করে ৩ লাখ ৭০ হাজার টাকার একটি স্ট্যাম্পে তাঁর কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়। ওই টাকা পরিশোধের পর যানবাহনগুলো ফেরত দেওয়ার শর্ত দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় মাজেদ, আশিক, আজাদ ও শিমুলসহ অজ্ঞাতনামা ১৫-১৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তাঁদের বাবা। তবে প্রাণভয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছেন তাঁরা। অভিযোগের বিষয়ে জানতে ভাই ভাই অটোসের স্বত্বাধিকারী মাজেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। মাজেদ বলেন, তাঁর প্রতিষ্ঠানে কর্মরত আজিম নিজেই চুরির বিষয়টি স্বীকার করেছে এবং এ বিষয়ে তাঁদের কাছে প্রমাণ রয়েছে। তবে আইনগত ব্যবস্থা না নিয়ে মারধরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেন। এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।