রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টেএ ঘোষণা দেন তিনি।
পোস্টে তিনি আরও জানান, সরাসরি তার পক্ষ থেকে দুই দেশকে যুদ্ধবিরতির অনুরোধ করা হয়েছে। তার অনুরোধে রাজি হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কিকে ধন্যবাদও জানিয়েছেন ট্রাম্প।
একই সাথে তিনি আশা প্রকাশ করেন, এর মধ্য দিয়ে একটি প্রাণঘাতী ও দীর্ঘ লড়াইয়ের অবসানের সূচনা হবে।
এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী জানান, পুতিন ও ট্রাম্পের মধ্যকার টেলিফোন আলোচনার পর এ সমঝোতা হয়েছে। চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে মার্কিন শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে যুদ্ধবিরতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জানা গেছে, যুদ্ধবিরতির এসময়ে ১ হাজার জন বন্দী বিনিময় করবে রাশিয়া ও ইউক্রেন।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে ট্রাম্প উদ্যোগী হলেও মধ্যেপ্রাচ্যে যুদ্ধবিরতির মাঝেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অভিযোগ উঠছে মার্কিন বাহিনীর বিরুদ্ধে। এক্ষেত্রে এখনও কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি ট্রাম্প।